প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে তাঁকে দেখতে ছুটে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এর আগে শুক্রবার সকালে সিলেটে নিজ নির্বাচনী এলাকার অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের পরামর্শে তাঁকে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। অসুস্থতার কারণে তাঁর কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সব সফরসূচি স্থগিত করা হয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং তিনি এখন আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন।
এদিকে আরিফুল হক চৌধুরীর সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি এবং দেশের শ্রমিক অসন্তোষ নিরসনসহ টানা অতিরিক্ত পরিশ্রমের কারণে মন্ত্রী ক্লান্তি অনুভব করছিলেন। ঢাকায় থাকতেই তিনি কিছুটা অসুস্থ বোধ করলেও পূর্বনির্ধারিত সফর রক্ষা করতে সিলেটে এসেছিলেন।
আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছেন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান