ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন। ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাতবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় আয়াতুল্লাহ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর আয়াতুল্লাহ আলী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলীকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান