
সম্প্রতি সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকরের লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদ্য বিদায়ী জুন মাসে ৭৫ জন মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কাটা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওইদিন বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।
বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে বা অপরাধ করলে তার পয়েন্ট কর্তন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপরাধ কমাতে চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান