প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ২:৩৯ এ.এম
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে ‘শেখ হাসিনার বিচারের দাবিতে’ এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, ‘আমরা তো লেখাপড়া জানি না।
জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী। তবে কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী ব্যানারে কী লেখা আছে, তা জানেন না বলে মন্তব্য করেছেন। আরেক নারী শেখ হাসিনার বিচারের দাবিতে কর্মসূচিতে এসেছেন বলে জানান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে 'কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী নারীরা।
কর্মসূচির ব্যানারে লেখা ছিলো, 'নারীলিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট মুফতি আমির হামজার বিচার চাই, বিচার চাই।'
ব্যানারে আমির হামজার বিচারের দাবি জানানো হলেও কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে প্রশ্ন করা হয়, তারা কী দাবিতে সেখানে এসেছেন। জবাবে ওই নারীকে 'শেখ হাসিনার বিচারের দাবিতে' এসেছেন বলতে শোনা যায়। পরে তাকে ব্যানারে কী লেখা আছে, তা জানতে চাওয়া হলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, 'আমরা তো লেখাপড়া জানি না।'
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের বক্তব্য এবং আয়োজকদের প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া সচেতন নাগরিক সমাজের সদস্য ও নারী নেত্রী নিলুফা ইয়াসমিন মুঠোফোনে বলেন, 'ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী হাসিনার বিচারের দাবি করেছেন, সেটি আমিও শুনেছি। সবাই তো আর এক রকম নন। কেউ হয়তো ভুল করে বলেছেন।'
তিনি আরও বলেন, 'যিনি তাকে নিয়ে এসেছেন, তিনি হয়তো সঠিকভাবে গাইড করে আনতে পারেননি।'
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫