গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন:
সিলেটের গোয়াইনঘাটে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও খাদ্যপণ্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (১১ মার্চ) ভোরে গোয়াইন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি দুটি থামানোর সংকেত দিলে যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শাওন (৩০), আড়াইহাজার উপজেলার সুমন মোল্লা (২২), স্বপন মোল্লা (২২), তামিম (১৯), গোয়াইনঘাট উপজেলার আলমগীর হোসেন (২৪), ঠাকুরগাঁও জেলার রেজাউল করিম (৪৫), কুড়িগ্রাম জেলার রুবেল সরকার (৩২) এবং গোয়াইনঘাট উপজেলার জুয়েল আহমেদ (২৬)।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে Patanjali অ্যালোভেরা জেল, Sunsilk শ্যাম্পু, Mamaearth ফেসওয়াশ, Johnson’s বেবি ক্রিমসহ বিভিন্ন ভারতীয় পণ্য। এসব পণ্যের মূল্য প্রায় ১২ লাখ ৩৮ হাজার টাকা এবং জব্দ করা দুটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান