প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৬:৪৫ পি.এম
ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে: পুতিন

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ইউক্রেনে শান্তির জন্য মার্কিন প্রস্তাব সংঘাতের সমাধানের ভিত্তি হতে পারে। কিন্তু যদি কিয়েভ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে।গত শুক্রবার (২১ নভেম্বর) রুশ নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়াটি হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেন পুতিন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি একটি চূড়ান্ত মীমাংসার ভিত্তি স্থাপন করতে পারে।’
পুতিন আরও বলেন, ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইউক্রেন এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল। কিন্তু কিয়েভ বা ইউরোপীয় শক্তি কেউই এই বাস্তবতা বুঝতে পারেনি যে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না হলে তা অব্যাহত থাকবে।
এদিকে এই শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনার কারণে ইউক্রেন তার মর্যাদা ও স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে। এই পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলো স্থান পেয়েছে বেশি।
গত সপ্তাহে ইউক্রেন বা এর ইউরোপীয় মিত্রদের ছাড়াই মার্কিন ও রুশ কর্মকর্তারা প্রস্তাবটির খসড়া প্রস্তুত করেছেন। এক্সিওসের এক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সেনাসচিব ড্যানিয়েল ড্রিসকল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিখিত পরিকল্পনাটি পৌঁছে দেন।
ট্রাম্প বলেছেন, কিয়েভ যেন এক সপ্তাহের মধ্যে এটি মেনে নেয়। শুক্রবার ফক্স নিউজ রেডিওকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিয়েভকে এই পরিকল্পনা মেনে নেয়ার জন্য আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সময় দেয়া হয়েছে। এটাই উপযুক্ত সময়সীমা।
পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শীতকাল ঘনিয়ে এসেছে। রক্তপাত বন্ধ করার জন্য সময় খুব কম। তাই জেলেনস্কিকে এই পরিকল্পনা অনুমোদন করতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাকে (জেলেনস্কি) এটা পছন্দ করতেই হবে। আর তাঁর পছন্দ না হলে আমার মনে হয়, তাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫