আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬’। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ হিসেবে পরিচিত নিউমোনিয়ায় দেশে গড়ে প্রতিদিন ৭৩ জন শিশুর মৃত্যু হচ্ছে, যা বছরে দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৭৬৬ জনে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের যৌথ গবেষণায় এসব আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।বিশেষজ্ঞরা জানান, শিশুদের অপুষ্টি, বায়ুদূষণ এবং জন্মকালে কম ওজন নিউমোনিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তবে টিকা গ্রহণের পাশাপাশি শিশুকে জন্মের প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৩ শতাংশ পর্যন্ত কমে যায়।
চিকিৎসকদের মতে, এ বছর নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার পূর্বের তুলনায় বেশি। কারণ হিসেবে হামে আক্রান্ত হওয়া এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) তৈরি হওয়াকে দায়ী করা হচ্ছে।
২০০৯ সাল থেকে বিশ্বজুড়ে শুরু হওয়া এ দিবসে এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘এ নিউ এরা অব নিউমোনিয়া কন্ট্রোল’ (নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ)। ফুসফুসের প্রদাহজনিত এ রোগ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা শুরু করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান