সিলেটের বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পৈতৃক নিবাস সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় জমিদার বাড়িতে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ সোমবার (২৯ জুন) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে— বড় ছেলে মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী ও ছোট ছেলে দেওয়ান আসাদ রাজা চৌধুরী এবং পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের শ্বশুর ছিলেন।
উল্লেখ্য, দেওয়ান মসুদ রাজা চৌধুরী আজীবন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান