বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করতে হলে সৎ, যোগ্য ও খোদাভীরু শাসক নির্বাচিত করা অপরিহার্য। মালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা—এই চারটি মৌলিক অধিকার যেখানে প্রতিষ্ঠিত হয়, সেখানেই প্রকৃত শান্তি আসে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজন্যাসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট মহানগর শাখা আয়োজিত সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি মিলনায়তনে ‘চ্যালেঞ্জস এন্ড অপরুচুনিটিস ইন সিলেট-১ কনস্টিটিউয়েন্সি’স বিজনেস সেক্টর’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে আছি। রাষ্ট্রের ক্ষমতা যদি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বের মতো সৎ মানুষের হাতে থাকে, তবে আমরা একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক সম্পৃতির বাংলাদেশ উপহার দিতে পারব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি প্রতিটি সেক্টরে অভিজ্ঞদের পরামর্শ ও মাস্টার প্ল্যানের মাধ্যমে সিলেটের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে একটি আদর্শ সিলেট গড়ে তুলব।
আইবিডব্লিউএফ সিলেট মহানগরের সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুরুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।
ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, আটাবের মোতাহার হোসেন বাবুল, ইউকে প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রসু চৌধুরী এবং দোকান মালিক সমিতির নিয়াজ মো. আজিজুল করিম ও আব্দুল মুনিম মল্লিক।
এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. জুবায়ের আহমেদ, রেস্টুরেন্ট মালিক সমিতির নেতা খালেদ আহমদ, সিলেট পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসাইন এবং নারী উদ্যোক্তা মাহফুজাসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সিলেট-১ আসনের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান