প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে কোন সুবিধা দেবে না সংযুক্ত আরব আমিরাত

যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি জানিয়েছে, কোনো পক্ষকেই যুদ্ধের জন্য তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য ইউএই’র ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
মঙ্গলবার (৩ মার্চ) দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাসিমি বলেন, তাদের অবস্থান পরিষ্কার। কোনো ধরনের আক্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশটি নিজেদের সার্বভৌমত্ব এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তিনি অঞ্চলভিত্তিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত এবং এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। নতুন করে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক ইরানি হামলার পর সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, ইউএই কখনোই তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে দেবে না। দেশটির কাছে দীর্ঘমেয়াদি আকাশ প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আব্দুল্লা বিন তৌক জানান, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, যা চার থেকে ছয় মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নজরদারি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫