বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—আব্দুল্লাহ আল মামুন, নির্ঝর রায়, আবুসাঈদ মোঃ ইব্রাহিম, কামরুজ্জামান দীপু, পারভেজ আহমেদ, আলীমুল এহ্সান চৌধুরী, জাহেদ আহমদ তালুকদার ও তাহমিনা হাসান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মানবিক বিপর্যয় মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও তরুণ স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিসহ আগামী দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম বলেন, সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রমকে আরও জনবান্ধব ও শক্তিশালী করতে এই নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। আমরা চাই রেড ক্রিসেন্টের সুবিধা যেন প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।
উক্ত সভার মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো এবং আগামী দিনগুলোতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান