এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নাটকীয় এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন ইকবাল হোসেন ইমন।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান ‘এ’ দল। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে আঘাত হানেন রিপন মন্ডল। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফেরানোর পর আরেক ওপেনার ইমরান মীরকেও সাজঘরে পাঠান তিনি। এরপর ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ভাঙে ৩০ রানের জুটি। দলীয় ৮৭ রানে রিপনের তৃতীয় শিকারে পরিণত হন ফয়সাল খান।
পেসারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন স্পিনাররাও। ১০৮ রানে পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান। শেষ দিকে ইমন একটি এবং মোহাম্মদ রুবেল দুটি উইকেট তুলে নিলে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিপন মন্ডল। এ ছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট শিকার করেন।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন মিলে ৫৬ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।
সেখান থেকে সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ৪৯ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। ২৮ রান করে সাব্বির বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে তোলে দলটি।
তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি ইমন। টানা চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তাঁর বীরত্বেই ১ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান