সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। একটি মানবিক সিলেট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জোটকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে নগরীর বন্দরবাজারে প্রবাসী সমর্থকদের নিয়ে আয়োজিত এক বিশাল গণসংযোগ ও প্রচারমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা অপপ্রচার চালাচ্ছেন যে আমরা সংখ্যালঘু ভাইবোনদের ধমক দিচ্ছি। অথচ আমি অমুসলিম ভাইবোনদের নিয়ে সিলেটে প্রায় ৪০টি সভা করেছি। তারা জামায়াতকে চায় এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। যারা নিজেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন, তারাই আবার সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা কেউ পাকিস্তানপন্থী বা ভারতপন্থী নই, আমরা সবাই বাংলাদেশপন্থী। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি।
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়েই দায়িত্ব শেষ করেন না, দেশের প্রতিটি সংকটে ও গত জুলাই বিপ্লবেও তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ওসমানী বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে এবং ইমিগ্রেশনে প্রবাসী হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকারের দাবি জামায়াতই প্রথম তুলেছিল, যা আজ বাস্তবায়িত হয়েছে।
এদিন সকালে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে প্রবাসীদের ব্যানারে একটি বিশাল প্রচারমিছিল শুরু হয়। মিছিলটি চৌহাট্টা, জিন্দাবাজার অতিক্রম করে বন্দরবাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়াও মাওলানা হাবিবুর রহমান সকালে টিলাগড় ও কল্যাণপুর এবং বিকেলে কুমারপাড়া, মিরাবাজার ও রায়নগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী আব্দুল করিম জলিল, ফিলিপাইন প্রবাসী এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন রাজু, ফিনল্যান্ড প্রবাসী ইউসুফ বিন নুর চৌধুরী সানি, ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান, ইউকে প্রবাসী মোকাম্মেল হক সোহাগ, আব্দুল মোহিত, কানাডা প্রবাসী সামিন, আমেরিকা প্রবাসী জুনেদ, আব্দুল্লাহিল ওয়াহিদ এবং দক্ষিণ সুরমার প্রবাসী নেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান