সিলেট মহানগরীতে আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কার্যকলাপ বন্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একাধিক হোটেল সিলগালা করা হলেও থামছে না এই অবৈধ ব্যবসা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বন্ধ হয়ে যাওয়া হোটেলগুলোই আবার নতুন নামে, নতুন ব্যানারে ফের চালু হচ্ছে। যার ফলে প্রশ্নের মুখে পড়েছে অভিযানের কার্যকারিতা।
সিলেট মহানগরীর আনাচে-কানাচে থাকা আবাসিক হোটেল থেকে শুরু করে নামকরা কয়েকটি অভিজাত হোটেলেও অনৈতিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। প্রতিদিনই কোথাও না কোথাও সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে নারী-পুরুষকে আটক করছে এবং সংশ্লিষ্ট হোটেলগুলো সিলগালা করছে।
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, সিলগালা করা অনেক আবাসিক হোটেলই কিছুদিন পর নতুন নামে আবার চালু হচ্ছে। মালিকপক্ষ কাগজপত্রে মালিকানা পরিবর্তন, নাম বদল কিংবা সংস্কারের নাটক সাজিয়ে একই স্থানে পুনরায় আবাসিক হোটেল ব্যবসা শুরু করছে। ফলে আগের মতোই সেখানে অনৈতিক কার্যকলাপ অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সিলেট নগরীর তালতলা এলাকায় অবস্থিত ‘হোটেল বিলাশ’ একটি উদাহরণ। গত বছর অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে হোটেলটি সিলগালা করে। তবে কিছুদিন পরই একই স্থানে ‘হোটেল রাজু’ নামে নতুন পরিচয়ে পুনরায় হোটেল ব্যবসা শুরু করে কর্তৃপক্ষ।
নগরবাসীর অভিযোগ, প্রশাসনের অভিযানের পর সাময়িকভাবে পরিস্থিতি শান্ত থাকলেও কিছুদিন পরই আবার সেই হোটেলগুলোতে সন্দেহজনক যাতায়াত শুরু হয়। এতে একদিকে সামাজিক অবক্ষয় বাড়ছে, অন্যদিকে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের প্রত্যাশা- শুধু অভিযান নয় বরং কার্যকর নজরদারি ও আইনি ব্যবস্থার মাধ্যমে যেন একবার বন্ধ হওয়া অনৈতিক ব্যবসা আর নতুন নামে মাথাচাড়া দিতে না পারে। তা না হলে অভিযান চললেও থামবে না সিলেটের আবাসিক হোটেলকেন্দ্রিক অসামাজিক কার্যকলাপ।
এদিকে গত প্রায় ৬ মাসে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবাসিক/রেসিডেন্সিয়াল হোটেলগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। তার মধ্যে গত বছরের অক্টোবর মাসে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৬টি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। নভেম্বর মাসে আরও ১টি হোটেল সিলগালা করা হয়। এবং সর্বশেষ এই বছর জানুয়ারি মাসে আরও একটি হোটেল সিলগালা করা হয়। গত প্রায় ৬ মাসে সিলেট মহানগর এলাকায় প্রায় মোট ৮টি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। এবং এই সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ৬ মাসে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে হোটেল বন্ধ করে দিলে আমরা কিছুটা স্বস্তি পাই। কিন্তু কয়েকদিন পর দেখি একই জায়গায় নতুন নামে আবার হোটেল খুলেছে। তাহলে অভিযানের লাভ কী?’
গৃহিণী শিউলি বেগম বলেন, ‘এইসব হোটেলের কারণে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ হুমকির মুখে। শুধু সিলগালা করলেই হবে না, স্থায়ী সমাধান দরকার।’
একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সবাই জানে কোন হোটেলে কী হয়। কিন্তু প্রভাবশালীদের কারণে তারা বারবার পার পেয়ে যাচ্ছে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। যেসব আবাসিক হোটেল আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নাম পরিবর্তন করে পুনরায় ব্যবসা শুরু করার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রমাণ পেলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান