সীমান্তবর্তী ৩টি উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসন। এই সীমান্ত জনপদজুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের সরব প্রচারণা, শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছুটে বেড়ানো আর কর্মীদের বাড়ি বাড়ি গণসংযোগে জমে ওঠেছে ভোটের মাঠ।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ভোটের মাঠের দুই ‘নট আউট’ নেতার। তাদের একজন বিএনপির মনোনীত প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জামায়েতের মনোনীত প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে শেষ হাসি কে হাসবেন তা নির্ধারিত করবেন সীমান্ত জনপদের প্রায় পাঁচ লক্ষ ভোটার।
ভোটের রাজনীতিতে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী একটি প্রভাবশালী নাম। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান তাকে বলতেন ‘ডিপ্লোমেটিক লিডার’। ভোটের লড়াইয়ে নিজের ক্যারিশমা একাধিকবার দেখিয়েছেন আরিফ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সরকার দলেরই প্রভাবশালী ও জনপ্রিয় প্রার্থী সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেিসিলেট সিটির দুই বার মেয়র নির্বাচিত হয়েছেন। সবশেষ সিটি নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশ নেননি তিনি। এবার সীমান্ত জনপদেও তিনি ভোটের কারিশমা দেখবেন বলে আশা তার অনুসারীদের।
আরিফকে নিয়ে শুরুর দিকে স্থানীয় বিএনপিতে অসন্তোষ ও বহুধাবিভক্তি থাকলেও তা মিটিয়ে এনেছেন তিনি। এখন প্রকাশ্যে অন্তত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি।
১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা জয়নাল আবেদীন নিজ নির্বাচনী এলাকায় ভোটের মাঠের জনপ্রিয় নাম। তিনি ওই নির্বাচনী এলাকার বাসিন্দা। ওই এলাকায় এবারের নির্বাচনে ‘স্থানীয়’ ও ‘বহিরাগত’ ইস্যু বেশ আলোচিত হচ্ছে। এই ইস্যুর সুবিধা পাবেন জয়নাল।
ইতোমধ্যে প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনকেন্দ্রিক কথাবার্তা শুরু হয়েছে। আড্ডায়, আসরে ঘুরেফিরে নির্বাচনের কথা উঠছে। যার যার মতো করে চুলছেড়া বিশ্লেষণ চলছে, নিজেদের মধ্যে হচ্ছে যুক্তি তর্কবিতর্কও চলছে হরদমে এলাকার হাট- বাজর ও চা দেকানে।
কিন্তু শেষ পর্যন্ত ভোটের হিসাবে কে হাসবেন, কে কাঁদবেন- সেই চিত্র দেখতে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান