
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
দিল্লির বাংলাদেশ মিশনে একটি ব্রিটিশ ল’ ফার্মের (ম্যাট্রিক্স চেম্বার্স) মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর নিয়ে সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ব্রিটেনের ল’ ফার্মটির নৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। বছরের পর বছর ধরে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটিয়েছেন।
ল’ ফার্মটির উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত।
একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জিত করবে। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তিনি পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। পরে একটি জনসংযোগ ফার্মের ভুল তথ্যের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান