মিরপুর টেস্টে আজকের দিনটি হতে পারত বাংলাদেশের দিন। কিন্তু দিন শেষে সব আলো কেড়ে নিলেন পাকিস্তানের দুই তরুণ তুর্কি আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিতে নেমে ১ উইকেটে ১৭৯ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। পাকিস্তান ২৩৪ রানে পিছিয়ে আছে। অভিষিক্ত আজান আওয়াইস ৮৫ এবং আব্দুল্লাহ ফজল অপরাজিত আছেন ৩৭ রানে। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে সফরকারীরাই।
৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৩৯তম জন্মদিনে রেকর্ড গড়া ফিফটি করে ৭১ রানে থামেন মুশফিকুর রহিম। তবে আজ বাংলাদেশের মিডল অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। লিটন দাস ৩৩ ও মেহেদী মিরাজ ১০ রানে বিদায় নিলে ৪০০ ছোঁয়া নিয়ে সংশয় দেখা দেয়। শেষ দিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ক্যামিওতে ৪১৩ পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরা। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার।
বোলিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের তিন পেসারের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা ইমাম-উল-হক ও আজান আওয়াইস উদ্বোধনী জুটিতেই ১০৬ রান যোগ করেন। অবশেষে ২২তম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজ ইমামকে (৪৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
ইমাম ফিরলেও অভিষেক ম্যাচ রাঙাতে ভুল করেননি আজান আওয়াইস। মাত্র ৬৫ বলে ফিফটি করা এই তরুণ দিন শেষে ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত আছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল (৩৭*)। তবে আজ বাংলাদেশের ফিল্ডিং ভালো হয়নি। ২৯ রানের মাথায় আব্দুল্লাহ ফজলের সহজ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। এর আগে চা-বিরতির ঠিক আগে এবাদতের বলে ক্যাচ ছেড়েছিলেন মাহমুদুল হাসান জয়ও।
ছবি- এফপি
ইমামকে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ
পাকিস্তানের উদ্বোধনী জুটির দাপট থামালেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ২২তম ওভারে ইমাম-উল-হককে সাজঘরে পাঠান তিনি। এর মাধ্যমে ভাঙে পাকিস্তানের ১০৬ রানের উদ্বোধনী জুটি। ৭২ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন ইমাম।
এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে নিজের অভিষেক ম্যাচ রাঙাচ্ছেন আজান আওয়াইস। মাত্র ৬৫ বলে নিজের প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২০.৪ ওভারে তার ফিফটিতে ভর করেই পাকিস্তান দলীয় শতকের দেখা পায়।
২৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১০ রান। নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ ফজল। আজানের মতো তারও এটি অভিষেক টেস্ট।
ছবি- বিসিবি
ইমাম-আজানের জুটি ভাঙতে মরিয়া বাংলাদেশ
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় আংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে ধারহীন বোলিংয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। চা বিরতির পরও অবিচ্ছিন্ন আছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক এবং আজান আওয়াইস। ১৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৮৬ রান। ইমাম ৪২ এবং অভিষিক্ত আজান ৩৮ রানে অপরাজিত আছেন।
শুরু থেকেই পাকিস্তানি ওপেনাররা ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন। ইমাম-আজান জুটিতে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উইকেটের অপেক্ষায় আছে বাংলাদেশ।
ছবি- বিসিবি
প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুমিনুলের ৯১ রানের ওপর ভর করে প্রথম দিনটি দাপটের সাথে শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন সকালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্যাটাররা। ১১২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
৩৯তম জন্মদিনে মাঠের লড়াইয়ে নেমে রেকর্ড বইয়ে নতুন ইতিহাস লিখেছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করার পথে তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এখন তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবার উপরে। শেষ পর্যন্ত ১৭১ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন তিনি।
টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন মোহাম্মদ আব্বাস
দ্বিতীয় দিনের নায়ক পাকিস্তানের মুহাম্মদ আব্বাস। ৯২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন এই ডানহাতি পেসার। তার তোপে লিটন (৩৩), মিরাজ (১০) ও তাইজুল (১৭) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষদিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের একটি ঝোড়ো ইনিংস বাংলাদেশকে ৪০০ পার করতে সাহায্য করে। ৩টি চার ও ১টি ছক্কায় সাজানো তাসকিনের এই ইনিংসটি ছিল বাংলাদেশের বড় প্রাপ্তি।