জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বুধবার (১ জুলাই) মধ্যরাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পারভেজ আহমদকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের মোস্তাকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক যুবককে আটক করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলার শেষ মুহূর্তে চিৎকার করাকে কেন্দ্র করে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে একটি ছুরি এনে আলমকে আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি জব্দ করা হয়। নিলাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।