চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য অংশ নিয়েছেন। সোমবার (৯ মার্চ) ভোরের আলো ফুটতেই অভিযান শুরু হয়। প্রথমে ড্রোন উড়িয়ে বিভিন্ন স্পট চিহ্নিত করে যৌথবাহিনী। পরে ধাপে ধাপে এলাকায় প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াডসহ ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি। অভিযানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অংশ নিয়েছে সেনাবাহিনী, র্যাব-৭, র্যাব-১১, র্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবির সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত...
8
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য অংশ নিয়েছেন।
সোমবার (৯ মার্চ) ভোরের আলো ফুটতেই অভিযান শুরু হয়। প্রথমে ড্রোন উড়িয়ে বিভিন্ন স্পট চিহ্নিত করে যৌথবাহিনী।
পরে ধাপে ধাপে এলাকায় প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াডসহ ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি। অভিযানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অংশ নিয়েছে সেনাবাহিনী, র্যাব-৭, র্যাব-১১, র্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবির সদস্যরা।
জঙ্গল সলিমপুরে মূলত রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য রয়েছে। পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সেখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতারে অভিযান চালায় র্যাব। সে সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনীর সদস্যরা। চারজনকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালানো হয়, এতে একজন র্যাব কর্মকর্তা নিহত হন।
প্রসঙ্গত, প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড়ি এলাকাজুড়ে জঙ্গল সলিমপুরের বিস্তৃতি। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে অপরাধীদের জন্য ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে পরিচিত। বর্তমানে এখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার ঘরে অন্তত দেড় লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি গড়েছেন।