কক্সবাজারের উদ্দেশ্যে একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।’
বৃক্ষরোপণ, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন এবং সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলায় সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।











