সুনামগঞ্জের তাহিরপুরের গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়ার হওয়ার দুইদিন পর যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন নদী থেকে লাশটি ভেসে ওঠে।
নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ থাকতেন সালাহ উদ্দিন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন তারা মিয়ার কয়েকটি গরু মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াতেন এবং সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতেন।
সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ তথ্যটি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’