প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুকে লাইভে আমার দেশের কপি ছিঁড়েছেন। সম্প্রতি তাকে নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের বিষয়ে শনিবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কাজ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, রাশেদ ক্ষোভ প্রকাশ করে পত্রিকার কপি ছিঁড়ছেন। তিনি অভিযোগ করেন, এ দুই প্রতিবেদনের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
শনিবার আমার দেশে ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহকারীরা কী করছেন’ শিরোনামে লিড নিউজ প্রকাশিত হয়। উভয় প্রতিবেদনেই রাশেদ খানের নাম যুক্ত হয়েছে।
লাইভ ভিডিওতে রাশেদ অভিযোগ করেন, ১৫ অক্টোবরের প্রতিবেদনে তাকে ঢালাওভাবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে তার কাজের বিষয়ে সামান্যই উল্লেখ করা হয়। এছাড়া গতকালকের প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাশেদ বলেন, বিএনপিতে যোগ দেওয়া সত্ত্বেও তাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, জ্যেষ্ঠ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈঠক করেছেন। এ বিষয়ে জামায়াতকে তদন্তের চ্যালেঞ্জ জানান তিনি। এ বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বা দলটির গঠিত তদন্ত দলকে প্রমাণ সরবরাহ করতে পারেন তিনি। যদি বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়, জামায়াত তার নামে মানহানির মামলা করতে পারে।