ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার শেষ হওয়া পর্যন্ত ভুয়া খবরের ছড়াছড়ি ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, ভোট গ্রহণ শুরুর আগের রাতেও তা থেমে ছিল না।ভোটের আগের দিন বুধবার রাত থেকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে যে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছে। মূলত রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন ঘিরে এই কার্ড ছড়ানো হয়।
যমুনা টিভির লোগো ও নকশা ব্যবহার করে তৈরি এই ফটোকার্ডে দাবি করা হয়, ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত; জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।’ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
এটি দেখে অনেকে বিভ্রান্ত হন। আজ সকাল নাগাদ পোস্টটিতে প্রায় ৩ হাজার ২০০টি প্রতিক্রিয়া পড়ে, মন্তব্য জমা হয় প্রায় ১০০টি এবং শেয়ার হয়েছে ৮০ বার।
যাচাই করে দেখা যায়, যমুনা টিভি এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্যান্য প্ল্যাটফর্মেও নির্বাচন বর্জন–সংক্রান্ত এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। আলোচিত দাবির শিরোনাম দিয়ে কি-ওয়ার্ড সার্চ করেও নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে তথ্য মেলেনি।