সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাছির উদ্দীন চৌধুরীকে শাল্লায় জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১টায় শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি মো. হাজিরুল ইসলাম (আজহার)-এর সভাপতিত্বে ও নলিনী কান্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহমদ, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী।
বক্তব্যকালে প্রধান অতিথি নাছির উদ্দীন চৌধুরী বলেন, শিক্ষার আলোয় একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বর্তমান সরকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাদ্রাসার অনুষ্ঠানের আগে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদে ‘হাওর মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় অসহায় কৃষকদের মাঝে সহায়তার কার্ডের টাকা বিতরণ করেন।
পরবর্তীতে তিনি শাল্লা উপজেলার শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত শাকিল মিয়া ও জিল্লু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম মাস্টার, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, বিদ্যুৎসাহী সদস্য মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ। সবশেষে মাওলানা আব্দুল হামীদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্য দেন মাদ্রাসার সুপার।