অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে দেশের মানুষের অর্জন ভুলে গিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নিজেদের মনে করেছিল।এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ওই সময়কালকে রাজনৈতিকভাবে ‘ক্রান্তিকাল’ বলা যায় কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলন হলো দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলনের ফসল। কেউ যদি মনে করে শুধু ৩৬ দিনের আন্দোলনের ফলেই এই পরিবর্তন এসেছে, তবে তা তাদের রাজনৈতিক অপরিপক্বতা ছাড়া আর কিছুই নয়।’ দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দলটির ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এটি নিষিদ্ধ হবে কি না, তা-ও আদালতই ঠিক করবেন। বর্তমানে এ সংক্রান্ত নানা আইনি বিচার-বিশ্লেষণ চলছে এবং খুব শিগগিরই এর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন বা পুনর্বাসন না ঘটে, সে ধরনের চর্চা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।