২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিলোফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে একটি স্ট্যাটাস দেন ছাত্রদল সভাপতি।ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত হবেন ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—সেই প্রত্যাশা করি।