সিলেটে একটি ফার্মেসির পেছনে অবৈধভাবে গড়ে তোলা একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় সোমবার (১৩ জুলাই) বিকেলে শহরতলীর টুকেরবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, টুকেরবাজার-সুনামগঞ্জ সড়কের ‘হাজি কুটি মিয়া ফার্মেসি’র আড়ালে কোনো ধরনের সাইনবোর্ড ছাড়াই একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছিল। সেখানে ডা. খলিলুর রহমান নামের এক চিকিৎসক রোগী দেখতেন এবং তার নামে বড় সাইনবোর্ড টাঙানো ছিল। তবে ফার্মেসির পেছনে গোপনে গড়ে তোলা ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদনহীনভাবে কার্যক্রম চালানোয় ডায়াগনস্টিক সেন্টারটি আপাতত সিলগালা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে, তবে সেটি খোলার অনুমতি দেওয়া হবে।
তিনি আরও জানান, একই অভিযানে হাজি কুটি মিয়া ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে অভিযুক্ত ফার্মেসির এক কর্মকর্তা মুঠোফোনে দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে। ওই সময় টেকনিশিয়ান উপস্থিত না থাকা এবং ছোটখাটো কিছু ত্রুটির কারণে প্রশাসন সাময়িকভাবে এটি বন্ধ করেছে।
সিলেটে স্বাস্থ্যসেবা নিয়ে এমন অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকারের এই অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।