টেবিল টেনিসে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় খই খই সাই মারমাকে ঘর নির্মাণ করে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙামাটির রাজস্থলী উপজেলায় দাপ্তরিক কাজে ভ্রমণকালে উপজেলার পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিচু এবং জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় সেখানে বাড়ি না বানিয়ে খই খই মারমার গ্রামের বাড়ি চুশাক পাড়ায় ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
রাঙামাটির কৃতী টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে রৌপ্য পদক জিতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন। এই ১৮ বছর বয়সী মারমা বালিকা বিকেএসপির শিক্ষার্থী এবং ঘরোয়া প্রতিযোগিতায় ডাবলসহ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।