রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি বেঁচে থাকতে মাধবপুর-চুনারুঘাটে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”
সোমবার (১৮ মে) বিকেলে মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গিরিধারী আখড়ায় মাধবপুর সনাতন সমাজ আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সংসদ সদস্য ফয়সল বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মাধবপুর ও চুনারুঘাটে যাতে কোনো রাজনৈতিক সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আমরা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করেছি। নিরীহ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা হামলার শিকার না হয়, সে ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বিশ্বাস করি, সবাই এ দেশের নাগরিক এবং সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।”
তিনি বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে। সমতার ভিত্তিতে মাধবপুর ও চুনারুঘাটের সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সরকার কাজ করছে।”
বিগত সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, “আগের সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতকে দুর্বল অবস্থায় রেখে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিএনপি দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চায়।”
মনোজ পালের সভাপতিত্বে ও লিটন রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর অজিত পাল, অরুণ কুমার নাগ, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, স্বপন কুমার রায়, অমলেন্দু ভট্টাচার্য, হিমাংশু দেব, রাখাল ঘোষ ও শ্যামল দেব প্রমুখ।
সভা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।