মাধবপুর(হবিগঞ্জ) : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মামলার ১১ আসামি। শুনানি শেষে বিচারক আবদুল মান্নান মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। জামিন পাওয়া অন্য আসামিরা হলেন: আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলাম।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা’ শেষে সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়। এজাহারে হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, এ ঘটনায় তিনি বা ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।