সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর পরিবারের কাছে আনুষ্ঠানিক শোক বাণী পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বাণী পৌঁছে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাঁর একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং সহকারী প্রেস সচিব নাঈম আলী এই শোক বাণীটি নিয়ে যান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্দেশ্যে পাঠানো এই শোক বার্তাটি গুলশান কার্যালয়ে দলের দায়িত্বশীল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে এবং সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই শোক বার্তা ও সমবেদনা পত্রটি তাঁর উত্তরসূরি তারেক রহমানের কাছে পাঠানো হলো।