মাত্র ১০ দিনের ব্যবধানে সিলেট নগরের দুটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। নগরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে শতাধিক ছিনতাইকারীসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারী আটক করেছে মহানগরের আওতাধীন ছয় থানা।
শনিবার (৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
এদিকে, শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেইসবুক পেইজে দেওয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে আটজন ছিনতাইকারী, বিভিন্ন মামলার দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ ১০ জন মাদককারবারি, পাঁচজন মাদকসেবী, ২৬ জন চোরাচালানকারী এবং ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিসহ ৭০ জনকে আটক করে পুলিশ। এসময় অভিযানে শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
অন্যদিকে সিলেটে ছিনতাইয়ের ঘটনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নিদের্শও দিয়েছেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় সিলেট নগরের বিভিন্ন এলাকায় আমরা শতাধিক অপরাধীদের আটক করেছি। তবে ফেইবুকে দেওয়া তথ্যটি ২৪ ঘণ্টারই তবে সেটা বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত। তবে আজকে দিন পর্যন্ত শতাধিক আটক করা হয়েছে।
ছিনতাইকারীদের নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে।