মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের লাশ মিলেছে তার ভায়রার বাড়ির রান্নাঘরের ১০ ফুট মাটির নিচে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামে মাটি খুড়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হলে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে দেওয়ার জন্য আওলাদকে চাপ সৃষ্টি করেন। আওলাদ সম্পত্তি স্ত্রীকে লিখে না দেওয়ায় সাইফুল নামে একজনের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে লাশটি মাটির নিচে পুঁতে রাখেন দ্বিতীয় স্ত্রী।
এ বিষয়ে বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আটকরা দায় স্বীকার করেছেন।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।