বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার ও কিডনিজনিত সমস্যাসহ নানা জটির রোগে ভূগছিলেন। গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের বাসিন্দা তিন ছেলের জনক।
সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে সম্মান জানানো হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানী বাজার) আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরিবহন শ্রমিক অংশ নেন।
সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।