হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।