ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ নিয়ে বৈঠক হয়েছে।
তারা আরও জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা। ফলে ওই রাতে চাঁদের আলো থাকবে খুব কম বা একেবারেই থাকবে না। সামরিক অভিযান পরিচালনার জন্য এ ধরনের পরিস্থিতি অনুকূল।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’।
তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা এবং ভবিষ্যতে যেন তা আর কখনো চালু হতে না পারে, তা নিশ্চিত করতে আরও হামলা চালানো হবে কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। শিগগিরই আপনারা জানতে পারবেন।’
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রস্তুতি চূড়ান্ত করছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা।
এদিকে বৃহস্পতিবার এক ফোনালাপে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি ট্রাম্পকে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা যাবে না।
ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: ফক্স নিউজ