সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসার চাপায় রীতিমত পিষ্ট হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
খবর পেয়ে স্থানীয় জনতা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বড় ধরনের হতাহত না থাকলেও এই ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।