১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ এবং অটোগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখা। একই সঙ্গে এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বক্তব্য দেন।
বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে জ্বালানি খাতের এ মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে এবং সাধারণ পরিবারের ব্যয় বাড়াবে।
নেতারা বলেন, অটোগ্যাসের দাম বাড়ার প্রভাব পরিবহন খাতে পড়বে। যানবাহনের পরিচালন ব্যয় বাড়লে পরিবহন মালিক ও শ্রমিকদের ওপর চাপ বাড়বে এবং ভাড়া ও পণ্য পরিবহন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হবে।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণমাধ্যমের বরাতে তারা বলেন, মাত্র ১২টি কোম্পানির হাতে পুরো এলপিজি খাত জিম্মি রয়েছে। সিন্ডিকেট ভাঙার পরিবর্তে সরকার সিন্ডিকেটের মাধ্যমে লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাজারে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানান তারা।