হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫ নম্বর সেকশন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০৮ বোতল এসকাফ ডিএক্স (ESkuf DX) সিরাপ, ১৮ বোতল হি-ম্যান ৯০০০ স্ট্রং বিয়ার এবং ৩ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।