গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ে বর্ণাঢ্য র্যাল ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন ও জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জাফলংয়ের প্রধান প্রধান সড়ক ও পর্যটন এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।
সভায় বক্তারা বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এখানকার পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশী-বিদেশী পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে জাফলংয়ের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
আয়োজিত এই অনুষ্ঠানে জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকাচালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমেদসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।