সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘সাদা পাথর’ লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ সাড়ে চার মাস বহিষ্কারাদেশ কার্যকর থাকার পর দলের পক্ষ থেকে তাঁর স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনার সকল পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধু দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, পর্যটনকেন্দ্র সাদা পাথর ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুটের অভিযোগে সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে সাহাব উদ্দিনের নাম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাতেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এ অবস্থায় গত বছরের ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁর সদস্যপদ স্থগিত এবং পরে দল থেকে বহিষ্কার করে।
পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে র্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। পাথর লুটকাণ্ডের মামলায় তিনি বেশ কিছুদিন জেল খাটেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতি প্রদান করলে তাঁদেরও শোকজ করেছিল জেলা বিএনপি।
দীর্ঘ টানাপোড়েন ও সাংগঠনিক শাস্তির পর, নতুন বছরের প্রথম দিনেই তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নিল বিএনপি। তবে আপাতত তিনি কোনো সাংগঠনিক পদে ফিরতে পারছেন না; কেবল দলের প্রাথমিক সদস্য হিসেবে তাঁর কার্যক্রম সীমাবদ্ধ থাকবে।