সিলেট-৪ আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলের বেকারত্ব ঘোচাতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া বৃহত্তর জৈন্তিয়ার মহাল ও সামিল জলকর পুনরুদ্ধার করে তা পুনরায় সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাজারে স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন আরও বলেন, সিলেট-৪ আসনের অবহেলিত জনপদের উন্নয়নে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাকে আমি সর্বাগ্রে গুরুত্ব দেব। জনগণের অধিকার আদায়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম ও সাদিকুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা পেশাজীবী ফেডারেশনের সহ-সভাপতি কৃষিবিদ সাইদুর রহমান, জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব এবং জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমেদ আল মাসুদ, যুবনেতা জালাল উদ্দিন, মাওলানা রাসেল আশ্রফী এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।