সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় নিখোঁজের দুই দিন পর ইমরান আহমদ (২৪) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কামলাঘাট সীমান্ত এলাকার একটি ঝোপের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত ইমরান আহমদ উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কিরগিজস্তানপ্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে ইমরান কিরগিজস্তান থেকে দেশে ফেরেন এবং জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে করেন। গত রোববার সকালে সিলেট শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি ঝোপে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমরানের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বা এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।