সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সোমবার রাতে। প্রচারণার শেষ দিনে প্রার্থীদের শোডাউন মুখর ছিল সিলেট। গণমিছিল, গণসংযোগে ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখাসহ প্রার্থীদের নাম ও মার্কা নিয়ে মাইকিং, প্রচার সঙ্গীতে ভোট উৎসবের জানান দেয়। ভোটারদের নজর কাড়তে প্রচার প্রতিযোগিতা চলে বেশ জোরেশোরেই।
সোমবার সিলেট নগরীতে ট্রাক শোভাযাত্রার মাধ্যমে নেতামকর্মীদের নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত ও জমিয়ত সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে। একইদিনে পায়ে হেঁটে কর্মী-সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান ১১ দল সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ব্যবসায়ীদের কাছে শেষ বারের মতো দাঁড়িপাল্লায় ভোট চান।
এদিকে সরকারি আলিয়া মাদরাসা মাঠে খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী জনসভায় থাকায় সিলেট নগরজুড়ে ছিল অন্যরকম চিত্র। বিভিন্ন পাড়া-মহল্লা আর ইউনিট থেকে কর্মী-সমর্থকরা মিছিল সহকারে আলিয়া মাঠে জড়ো হন। একই সাথে খন্ডখন্ড মিছিল থেকে ভেসে আসে ‘লাগারে লাগা, ধান লাগা’, মার্কাটা কী…ধানের শীষ স্লোগান।
খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণায় এ গণমিছিলের উচ্ছ্বাস আর আনন্দ যেন সিলেট নগরে ইতিহাস সৃষ্টি করলো। তবে শুধু ধানের শীষের নয়, অন্যান্য দলের প্রতীক সমর্থনের মিছিল ছিলো চোখে পড়ার মতো। এসব গণমিছিলে নারী, পুরুষ, তরুন-বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্তিতিতে নগরময় ছিলো সরগরম অবস্থা। তবে এসব মিছিলের মধ্যে ধানের শীষের মিছিল ছিলো নগরীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত । এছাড়াও অন্যান্য প্রার্থীদের প্রচারণা মাইকিং শুনা যায় সিলেট নগরীতে।
মিছিলটি নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, বন্দরবাজার, নাইওরপুল, সোবহানীঘাট হয়ে উপশহপর পয়েন্টে গিয়ে শেষ হয়। আলিয়া মাদরাসা মাঠ থেকে মূল মিছিল শুরুর আগে থেকেই বিএনপি ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত ছিলো হয়ে ওঠেছিলো নগরের বিভিন্ন পাড়া মহল্লা। বিকাল সাড়ে ৩টায় শুরু হয় গণমিছিল। মিছিলে বেশ কয়েকটি পিকআপও ছিল, যেগুলোতে নেতাকর্মীরা দেশ ও দলের পতাকাসহ নানান সাজে সজ্জিত ছিলেন। মিছিল শেষে খন্দকার মুক্তাদির নিজের বক্তব্যে বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, বরং এ এলাকার মানুষের দায়িত্ব নেওয়ার জন্যই ভোটের মাঠে নেমেছেন।
ভোটারদের মন ছুঁতে প্রার্থীদের দৌড়ঝাঁপ:
বিএনপি মাঠে-ময়দানে ভোটের জন্য জোর তৎপরতা চালিয়েছে। সিলেটে এখন প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন গুরুত্বপূর্ণ সিলেট-১ আসনের কান্ডারি? বিএনপি, নাকি জামায়াতের প্রার্থী।
এই আসনে মূলত বিএনপি জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থী আছেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী মুখ খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামায়াতে ইসলামীর সুরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। দু’জনই সিলেটের রাজনীতিতে প্রতিষ্ঠিত ও জনসম্পৃক্ত নাম এবং ক্লীন ইমেজধারী। তবে কে হচ্ছেন এই আসনের আগামির সংসদ সদস্য— এটাই এখন সিলেটের গলিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন ও নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন। অর্থাৎ মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ নারী। বিএনপি-জামায়াতের দুই শিবিরে নারী ভোটারদের গুরুত্বপূর্ণ মনে করছে।
এ জন্য নারী ভোটারদের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা, পরবর্তী কার্যক্রম ও প্রতিশ্রুতি পৌঁছে দেওয়াই দুই পক্ষের এখন মূল লক্ষ্য। নারী ভোটার টানতে জামায়াতের পক্ষ থেকে নারী নেত্রী কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রার্থীর কমিটমেন্ট ও পরিকল্পনা তুলে ধরছেন, যাতে ভোটাররা তাদের বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করতে পারে।
এদিকে, শেষ দিনের প্রচারণায় জামায়াতের পক্ষে অলিগলিতে নারীরা দলবেধে বাসা-বাড়িতে প্রচারণা চালাতে দেখা যায়। আর বিএনপির প্রার্থীর পক্ষে রাজপথ সরগরম রেখেছেন নেতাকর্মী সমর্থকরা।
উল্লেখ্য, এই আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ সর্বোচ্চ পাঁচ বার, বিএনপি তিন বার, একবার জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে একবার জয়লাভ করে।