সিলেটে যানবাহন চলাচল ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে মহানগর পুলিশ। গত ৮ মাসে তারা প্রায় ১৪ হাজার যানবাহন আটক করেছে।
নিজেদের ফেসবুক পেইজে বুধবার (৬ মে) রাতে এই তথ্য জানিয়েছে তারা।
সিলেট মহানগরীর যানজট নিরসন এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে গত সেপ্টেম্বর থেকে পুলিশের বিশেষ অভিযানে এ সফল্য। আট মাসে অবৈধ যানবাহন আটক এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের ফলে যানবাহন আটকের সংখ্যা ও জরিমানা দুই-ই এর আগের ৮ মাস (জানুয়ারি-আগস্ট) থেকে বেড়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে মোট ১৩ হাজার ৯০১টি যানবাহন আটক করেছে যা এর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আটকের সংখ্যা থেকে প্রায় ৩ হাজারটি বেশি। ওই সময়ে আটক করা হয়েছিল ১০ হাজার ৯০৩টি যানবাহন।
এরমধ্যে ব্যাটারিচালিত রিকশা আটক করা হয় ৩ হাজার ৪৮৮টি। আগের আটমাসে এ সংখ্যা ছিল ২ হাজার ২৫৯টি।
এসময় মোটরসাইকেল আটক করা হয়েছে ৪ হাজার ৩৩৯টি। আগের ৮ মাসে আটক করা হয়েছিল ২ হাজার ৫১২টি। বেড়েছে প্রায় ১ হাজার ৮২৭টি।
এই কঠোর অবস্থানের ফলে জরিমানা আদায়ের পরিমাণও বেড়েছে। পুলিশের তথ্যমতে, এ সময়ে জরিমানার পরিমাণ ৩ কোটি ৩০ লাখ টাকা যা আগের ৮ মাসের চেয়ে ৭৩ লাখ টাকা বেশি। আগের ৮ মাসে আদায় হয়েছিল ২ কোটি ৫৭ লাখ টাকা।
এছাড়া আরও প্রায় ১৯ লাখ টাকা জরিমানা আদায়যোগ্য বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।