কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ের “আইডি যার, ভ্রমণ তার” নীতির বাস্তবায়নে শনিবার (২৫ অক্টোবর) কুলাউড়া রেলওয়ে স্টেশনে পরিচালিত হয় বিশেষ টিকিট চেকিং অভিযান।
অভিযান চলাকালে ডাউন পারাবত এক্সপ্রেস ও আপ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও টিকিট যাচাই করা হয়। এ সময় এনআইডির সঙ্গে টিকিটের তথ্য না মেলায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের দুই যাত্রীকে ১,২৮০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং আরএনবি ইনচার্জ/কুলাউড়া।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী স্টেশন মাস্টার এস এম আলী নেওয়াজ। তিনি বলেন,
রেলওয়ের ‘আইডি যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নের মাধ্যমে টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে আমরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছি। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকিট যাচাই কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।