ফেঞ্চুগঞ্জ বাজারে অতর্কিত হামলায় কাঁচির আঘাতে তিন কিশোর আহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিন সহোদরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টায় উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র জেনারেল ওসমানী সড়কের এ ছত্তার শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত তিন কিশোরকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- উপজেলার ঘিলাছড়া যুধিষ্ঠিপুর গ্রামের জয়নাল আহমেদের ছেলে তামিম আহমদ (১৭), উপজেলার করিমপুর গ্রামের শামিম আহমেদের ছেলে আরাফ আহমদ এবং উপজেলার নিজ ছত্রিশ গ্রামের শরীফ আহমদ (২০)।
এ ঘটনায় আটকরা হলেন একই পরিবারের তিন সহোদর। তারা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের এমদাদুল হক লিটনের ছেলে আব্দুল গাইয়ুম (১৮), রুবেল আহমদ (৩২) ও আমজাদ হোসেন ফাহিম (১৮)।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই উৎসব কর্মকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী তিনজনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে আগে শালিসি বৈঠক হলেও সমাধান না হওয়ায় শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ বাজারে এ ছত্তার শপিং কমপ্লেক্সের সামনে হামলা চালানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পবিত্র ঈদকে সামনে রেখে এ ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা চেয়েছেন বাজারের ব্যবসায়ীরা।