দরজায় কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো সাফে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হামজা চৌধুরী, শমিত সোমসহ সম্প্রতি জাতীয় ফুটবলে যোগ দেওয়া বেশ কিছু প্রবাসী ফুটবলার। স্বাভাবিকভাবেই আসন্ন টুর্নামেন্টকে ঘিরে তাদের মধ্যে বাড়তি রোমাঞ্চ কাজ করছে। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে সাফের জন্য প্রস্তুত হচ্ছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। আজ জাতীয় ফুটবল দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠানে দৌড়ের একটি অনুষ্ঠানে গিয়ে শমিত বললেন, সাফের শিরোপা জিততে চান তারা। এ লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
২০২৫ সালে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে পথচলা শুরু শমিতের। লাল-সবুজের জার্সি গায়ে ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে শমিত বললেন, ‘আমরা জিততে চাই সবার জন্য। এটা তো একটা বিশাল বড় টুর্নামেন্ট, আমি বুঝতে পারছি। বাংলাদেশের (দর্শকদের) সামনে খেলতে দারুণ রোমাঞ্চিত।’ প্রায় এক বছর হতে চলেছে জাতীয় স্টেডিয়ামে খেলেনি বাংলাদেশ দল। এই মাঠে সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে তাদের। আসছে সাফেও ভারত কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। শমিত বলেন, ‘সর্বশেষ আমরা খেলেছি এই স্টেডিয়ামে (জাতীয় স্টেডিয়ামে) এবং ওই সময়ে আমরা ভারতকে হারিয়েছি। তো আশা করি, আমরা একই রকম ফল পেতে পারি সাফ চ্যাম্পিয়নশিপে। দল তো ভালো করতে চায়, বাংলাদেশের সমর্থকদের জন্য, পুরো দেশের জন্য আমরা জিততে চাই। দেখা যাক, কী হয়; তবে, আমরা পারব বলে আমি আশাবাদী।’
বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ—ইনজুরির কারণে প্রবাসী তরুণ ফুটবলার রোনান সুলিভানকে সাফে পাচ্ছে না বাংলাদেশ। যাকে দিয়ে ‘নাম্বার নাইন’-এর সমস্যার সমাধান পেতে চেয়েছিলেন কোচ থমাস ডুলি। কিন্তু রোনান না খেলায় এখন অন্যদের ওপর আস্থা রাখতে হবে তাকে। রোনানের দল থেকে ছিটকে যাওয়ার খবরটি হতাশার বললেন শমিত, ‘সে ভালো খেলোয়াড়, ভালো তরুণ প্রতিভা। আমরা তাকে মিস করব। তবে আমাদের দলে আরো অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, আক্রমণে বিকল্পও রয়েছে। তাদের নিয়েই মানিয়ে নিতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আবার ফিরতে পারবে।’ অন্যদিকে হামজা ও ফারহানকে ছাড়াই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকায় দলের অন্যদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন হামজা। তিনি বলেন, ‘আমাদের আরো খেলোয়াড় আছে, যাদের ওপর আমার আস্থা রয়েছে। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে। হামজার মতো হয়তো হবে না, কারণ প্রত্যেকের খেলার ধরন আলাদা। তবে ভুটানের বিপক্ষে ভালো করার মতো আত্মবিশ্বাস আমাদের আছে।’