সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।
জেজিটিডিএসএল-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগাহ মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পার্শ্বে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পাইপলাইন রক্ষণাবেক্ষণের স্বার্থে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক এই অসুবিধার জন্য জেজিটিডিএসএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।