আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট জেলা, পাবনা জেলা, গাইবান্ধা জেলা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করা; গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা, গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলগণ লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তাঁদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।
লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর মো. গোলাম রব্বানী এমপি, বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমীর মো. আব্দুল হক, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল এমপি, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, আব্দুল ওয়ারেছ এমপি, জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমীর মো. শাহিনুর আলম, প্রমুখ।